ডিয়াগো ম্যারাডোনা অবসাদগ্রস্ত। যার কারণে নিজের ক্লাবের অনুশীলনেও আসছেন না। মেক্সিকোতে এরকমই খবর। সেদেশের দেরাদোস দে সিনালোয়া ক্লাবের কোচ ম্যারাডোনা। কিন্তু কয়েকদিন ধরেই তিনি অনুশলীনে আসছেন না।
আর্জেন্টিনার এক টেলিভিশন চ্যানেলে সাংবাদিক লুইন ভেন্তুরা দাবি করেছেন, ম্যারাডোনার অনুশীলনে না যাওয়ার কারণ, বান্ধবী রোসিও অলিভিয়ার সঙ্গে বিচ্ছেদ। বেশ কয়েক বছর ধরেই সম্পর্ক এই রোসিও’র সঙ্গে। কিন্তু এখন বিচ্ছেদের জন্যই নাকি অবসাদে ভুগছেন।
রোসিও নিজেও ফুটবল খেলেন। সম্প্রতি আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেটের নারী দলে চুক্তিবদ্ধ হয়েছেন। চুক্তিবদ্ধ হয়েই রোসিও নাকি ম্যারাডোনাকে শর্ত দিয়েছিলেন, হয় তার সঙ্গে বুয়েন্স আয়ার্সে (আর্জেন্টিনার রাজধানী) থাকুন, মেক্সিকোতে গেলে তাকে ছেড়ে দিক। ম্যারাডোনা মেক্সিকোর ক্লাবে চলে যাওয়াতেই যত বিপত্তি।
তবে এটিই একমাত্র কারণ নয়। আরও কয়েকটি কারণ তুলে ধরেছেন ওই সাংবাদিক। তার দাবি, পারিবারিকভাবে ভীষণ অশান্তির মধ্যে আছেন ম্যারাডোনা। ভেন্তুরার কথায়, ‘ম্যারাডোনা মোটেই ভালো সময়ের মধ্যদিয়ে যাচ্ছেন না। ব্যক্তিগত দ্বন্দ্বগুলো তার জীবনে প্রভাব ফেলছে। কোনও বিশ্রাম পাচ্ছে না। সম্প্রতি থাকে থেরাপিও নিতে হয়েছে।’
ওই টেলিভিশন সঞ্চালক আবার দাবি করেন, ‘সমস্যা আছে আরও। নিজের মেয়েদের সঙ্গে ম্যারাডোনার সম্পর্ক এবং তাদের মায়েদের সঙ্গেও তার সমস্যা আছে।’
মেয়েদের মা অর্থাৎ ক্লদিয়া বিয়াফানে। যার সঙ্গে ২০ বছরের বিবাহ জীবনের বিচ্ছেদ হয় ২০০৪ সালে। গত এপ্রিলে মেয়ে দালমার বিয়েতে উপস্থিত ছিলেন না ম্যারাডোনা। তার পর থেকে পারিবারিক অশান্তিটা আরও বেড়েছে। এই দালমা ছিলেন আর্জেন্টিনা ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর স্ত্রী। কয়েক বছর আগে বিচ্ছেদ হয় তাদের।








