সংবাদ সম্মেলনে সেপ ব্লাটারের মুখে এক ব্রিটিশ কমেডিয়ানের নকল ডলার ছুড়ে মারার ঘটনা হালকাভাবে দেখছে না সুইজারল্যান্ডের পুলিশ।
সুইজারল্যান্ডের জুরিখের এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার বিতর্কিত সাবেক সভাপতি। সেই সংবাদ সম্মেলনে হুট করেই বক্তব্যরত ব্লাটারের সামনে এসে দাঁড়ালেন ব্রিটিশ কমেডিয়ান সিমন ব্রডকিন। কেউ কিছু বুঝে ওঠার আগেই এক বান্ডেল নকল ডলার তীব্র ঘৃণাভরে ব্লাটারের মুখের ওপর ছুঁড়ে মারতে লাগলেন তিনি।
ঘটনার পরপরই ৩৮ বছর বয়সী ওই অভিনেতাকে জুরিখ পুলিশ আটক করলেও পববর্তিতে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। তবে শাস্তির মুখোমুখি হতে হচ্ছে তাকে।
সুইস পুলিশের দাবি, সে বিনা অনুমতিতে সংবাদ সম্মেলনে প্রবেশ করেছিলো। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে।
ফিফার শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি যেমন প্রকটভাবে প্রকাশ পেয়েছে, তেমনি ঘুষ গ্রহণের বিনিময়ে বিভিন্ন দেশকে (বিশেষত কাতার ও রাশিয়াকে) বিশ্বকাপ ফুটবলের আয়োজক হওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। এরই জের ধরে শেষ পর্যন্ত ফিফার সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিলো গত ২৯ মে পঞ্চম মেয়াদে নির্বাচিত সেপ ব্লাটারকে।






