বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি।
সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শেষ করে ফেরার পথে সেগুনবাগিচার কার্পেট গলি থেকে তাকে আটক করা হয়।
দুপুর সোয়া ১২টার দিকে তাকে আটক করা হয় বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন রমনা থানার উপ-কমিশনার (ডিবি) মারুফ হোসেন সরদার।
রাজধানীর বংশাল থানার কৃষকদলের সভাপতি মো. আব্দুর রাজি চ্যানেল আই অনলাইনকে জানান, প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে সেগুনবাগিচা হয়ে বাসায় ফিরছিলেন শামসুজ্জামান দুদু। এসময় সাদা পোশাকের পুলিশের একটি দল তাকে আটক করে।
এসময় আব্দুর রাজিকে আটক করা হলে শামসুজ্জামান দুদুর অনুরোধে তাকে ছেড়ে দেয় পুলিশ।
৮ ফেব্রুয়ারি রায়ের দিন খালেদা জিয়াকে আদালতে আনার পথে সংঘর্ষের ঘটনায় নাশকতা, পুলিশের কাজে বাধা এবং আসামি ছিনতাই চেষ্টার অভিযোগে ৩টি মামলা করা হয়।
এর একটি মামলায় দুদুকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।








