আবারও রক্তাক্ত পাকিস্তানের পেশোয়ার। প্রদেশটির একটি সরকারি কর্মীবাহী বাসে বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বুধবার ৪০ জন কর্মী নিয়ে সচিবালয়ের একটি বাস মার্দান থেকে পেশোয়ার যাওয়ার পথে বোমা হামলার শিকার হয়।
পেশোয়ারের ব্যস্ততম এলাকা সুনেহরি মসজিদের নিকট বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এই এলাকাটি প্রায়ই তালেবান কর্তৃক হামলার শিকার হয়ে থাকে।
এ ঘটনায় আহতদের লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ ।
পেশোয়ারের পুলিশ সুপার মোহম্মদ কাশিফ জানিয়েছেন, বোমাটি বাসের ভেতরেই স্থাপন করা ছিল। সাধারণত সচিবালয়ের বাস ভেতর থেকে পরীক্ষা করে না নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
চলতি মাসের ৮ তারিখে পেশোয়ার থেকে মাত্র ৩০ কিলোমিটার দুরত্বে একটি কোর্টে আত্মঘাতী বোমা হামলা ১৩ জন নিহত হয়।






