তিন মাসের বিরতির পর ঝরঝরে শরীর নিয়ে মাঠে ফিরেই টানা খেলার ক্লান্তি চেপে বসেছে রিয়াল মাদ্রিদকে। কোনো কোনো সপ্তাহে এখন দুই থেকে তিনটি করে ম্যাচ খেলতে হচ্ছে সব দলকেই। টানা খেলার ধরনে ক্ষুব্ধ লস ব্লাঙ্কোসরা, এরইমধ্যে অভিযোগ জানিয়ে বসেছে লা লিগা কর্তৃপক্ষকে।
টানা খেলার ধকলে এরইমধ্যে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা, টেবিলের শীর্ষে উঠে গেছে রিয়াল। ভয়টা এখানেই। মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে গেটাফে ও অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হতে হবে জিনেদিন জিদানের দলকে। যেখানে বার্সা দুই ম্যাচের মধ্যে বিরতি পাচ্ছে পাঁচদিন।
রিয়ালের আপত্তিটা এখানেই। লা লিগার এই সূচিকে তামাশা বলে মনে করছে দলটি। আনুষ্ঠানিক অভিযোগও জানানো হয়ে গেছে ক্লাবে পক্ষ থেকে।
অভিযোগ আছে সময় নিয়েও। গেটাফের মাঠে বৃহস্পতিবার স্থানীয় সময় ১০টায় হওয়ার কথা রিয়ালের ম্যাচ। খেলে পরদিনই ভালদেবাস ছেড়ে শনিবার বিলবাও পৌঁছাবে রিয়াল। রোববার অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচ দুপুর ২টায়। তাতে না থাকছে শরীরের ক্লান্তি কাটানোর সুযোগ, না প্রতিপক্ষের বিপক্ষে রণকৌশল সাজানোর।
অন্যদিকে বার্সা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ খেলবে মঙ্গলবার রাত ১০টায়। তাদের পরবর্তী ম্যাচ ঠিক পাঁচদিন পর রোববার রাত ১০টায়, ভিয়ারিয়ালের বিপক্ষে।








