খুলনায় বাংলাদেশ-জিম্বাবুয়ের ৪ ম্যাচ টি-২০’র তৃতীয় ম্যাচ হয়ে গেলো বুধবার। প্রথম দুই ম্যাচে জিতলেও বুধবারের খেলায় হারের মুখ দেখতে হয় টাইগারদের। টান টান উত্তেজনার সেই খেলায় শেষ মুহূর্তে আশা আর আশঙ্কায় পাথর হয়ে বসে থাকতে দেখা যায় অনেক ক্রিকেট সমর্থককে। অনেকেই শেষ মুহূর্ত পর্যন্ত উৎসাহ দিয়ে যান প্রিয় বাংলাদেশ ক্রিকেট দলকে।
আবার কোনো ক্রিকেট প্রেমীর চোখ থেকে ঝরতে থাকে দুশ্চিন্তা আর প্রার্থনার আবেগে মেশানো অশ্রু। এমনই এক ভক্তের ছলছল চোখে প্রার্থনার দৃশ্য ধরা পড়ে সরাসরি সম্প্রচারে। প্রিয় দলের হারের ভয়মাখা সেই অশ্রুসজল মুখের ছবি ফেসবুক পেজে পোস্ট করেছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেটের অধিনায়ক মুশফিকুর রহিম। ছবির নিচে লেখা: ‘ছবি যখন কথা বলে’।
ছবির সঙ্গে বর্ণনায় মুশফিক যোগ করেছেন আবেগঘন ছোট দু’টো বাক্য: ‘এই ছবিটিই বলে দেয় এ দেশের লোকেরা ক্রিকেটকে কতোটা ভালোবাসে। সত্যিই বাংলাদেশের মানুষ পৃথিবীর সেরা সমর্থক।’
এ দু’টো বাক্য দিয়েই যেনো ক্রিকেট তারকা মুশফিক বাংলাদেশের মানুষের প্রতি নিজের ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন।






