অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ব্যাট হাতে দারুণ লড়লেন। পেলেন ফিফটির দেখা। তারপরও বাংলাদেশের পুঁজি বড় হলো না বাকিদের ব্যর্থতায়। ১০৭ রানের সংগ্রহ নিয়ে বোলিং করতে নামা বাংলাদেশ তুলতে পেরেছে অস্ট্রেলিয়ার দুটি উইকেট। ১০ বল আগেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
সাউথ আফ্রিকায় টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের মেয়েরা হারে ৭ উইকেটে। টানা দুই ম্যাচ হারে সেমিফাইনালের আশা অনেকটাই শেষ হয়ে গেছে।
অজি অধিনায়ক মেগ ল্যানিং ৪৯ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। ওপেনার এলিসা হিলির ব্যাট থেকে আসে ৩৭ রান। জয় পেতে হয়নি অস্ট্রেলিয়ার। তবে খুব বেশি আগ্রাসীও হতে পারেনি। ১৮.২ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নেয় টাইগ্রেস বোলাররা।
আজও দারুণ বোলিং করেছেন পেসার মারুফা আক্তার। ৪ ওভারে ১৯ রানে নেন একটি উইকেট। বেথ মুনিকে ফিরিয়ে দেন শুরুতেই। অপর উইকেটটি নিয়েছেন স্বর্ণা আক্তার।
মঙ্গলবার রাতে সেন্ট জর্জেস পার্কে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা ৫০ বলে ৫৭ রানের অসাধারণ ইনিংস খেলেন। একাই টানেন দলকে। স্বর্ণার ব্যাট থেকে আসে ১২ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।
২০ ওভারে ৭ উইকেট হারিয়ে একশ পেরিয়ে থামে বাংলাদেশের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে জর্জিয়া ওয়ারহ্যাম নেন ৩ উইকেট, ডার্সি ব্রাউন নেন ২ উইকেট।







