বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পক্ষে করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম মঙ্গলবার এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্র পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। রিটের পক্ষে ছিলেন অনিক আর হক। তার সাথে ছিলেন আইনজীবী রাশেদুল হক।
গত ১০ মে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) ২২৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রার্থীদের ক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর (১০ মে, ২০২২) হতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে বিসিএস ছাড়া সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিষয়ে গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। অর্থাৎ আগামী বছরের ৩০ জুন পর্যন্ত প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরিতে প্রবেশের বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করতে বলা হয়।
এ অবস্থায় বয়সসীমা ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগের বিজ্ঞপ্তি সংশোধন না করার বৈধতা নিয়ে চাকরিপ্রত্যাশী ত্রিশোর্ধ্ব মির্জা রকিবুল হাসান ১২ অক্টোবর ওই রিটটি করেন। সে রিটের প্রাথমিক শুনানি গতকাল রোববার হাইকোর্ট রুল দিয়ে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করেন। সে স্থগিতাদেশ আজ চেম্বার আদালতে স্থগিত হয়ে গেল। এর ফলে বিজ্ঞপ্তি অনুসারে আগামী ২৮ অক্টোবর নিয়োগ পরীক্ষা হতে বাধা নেই বলে জানান আইনজীবীরা।







