বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের যে কোনো ধরনের হস্তক্ষেপের বিরোধিতা করবে মিশর। বাংলাদেশে আইএস-এর অস্তিত্ব নেই বলেও মনে করেন মিশর রাষ্ট্রদূত মাহমুদ এজ্জাত।
ঢাকায় অবস্থানরত দূতাবাসগুলোর মুখপাত্র বা ডিপ্লোম্যাটিক কোরের ডিন নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো কূটনৈতিক সাংবাদিকদের সঙ্গে চা-চক্রে মিলিত হয়ে রাষ্ট্রদূত মাহমুদ বিভিন্ন বিষয়ে তার দেশের অবস্থান তুলে ধরেন।
শুরুতে নিজের দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বললেও পরে প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত কথা বলেন বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার ইস্যুতেও।
মাহমুদ এজ্জাত বলেন, আমি মনে করি না কোনো দেশের অভ্যন্তরীণ ইস্যু বিশেষ করে বিচার ব্যবস্থা নিয়ে আমার বা একজন কূটনৈতিকের কথা বলা উচিত। কোনো দেশেরই এটা করা উচিত নয়, পাকিস্তান যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় তাহলে মিশরই প্রথম দেশ হিসেবে তার বিরোধিতা করবে।
বাংলাদেশে ইসলামিক স্টেট বা আইএসের অস্তিত্ব নাকচ করে দিয়ে রাষ্ট্রদূত বলেন, আমি মোটেও বিশ্বাস করি না দুইজন বিদেশী হত্যার পেছনে ইসলামিক স্টেটের হাত আছে। তার সুযোগও কম, কেননা আইএস এখন মধ্যপ্রাচ্য এবং তাদের নিজেদের অঞ্চল নিয়েই ব্যতিব্যস্ত।
সৌদি আরব ও ইরানের মধ্যে সাম্প্রতিক তিক্ত সম্পর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে এজ্জাত বলেন, শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে।






