ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহার সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বৈঠকে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও সামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন নতুন মহাসচিব।
সোমবার জেদ্দায় ওআইসির সদরদপ্তরে এ বৈঠকে অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে ওআইসির শিক্ষা, বাণিজ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা, সামাজিক কল্যাণ, নারীর অধিকার ও মানবিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আশা প্রকাশ করেন, নবনিযুক্ত মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহার নেতৃত্বে আগামী দিনে ইসলামী সহযোগী সংস্থা মুসলিম বিশ্বে আরও অবদান রাখতে সক্ষম হবে। তিনি নতুন মহাসচিবকে তার দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানান। এছাড়াও তিনি ওআইসি মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা বাংলাদেশকে ওআইসির এক গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে উল্লেখ করে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও সামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
ওআইসি মহাসচিব বলেন, রোহিঙ্গা শরনার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশের সরকার মানবতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। রোহিঙ্গা শরনার্থী সমস্যাসহ মুসলিম উম্মাহর অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল আলম সিদ্দিকি ও বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোঃ হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।







