সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আজকের সর্বশেষ ম্যাচে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে। টাইগার বোলিং মোকাবেলা করতে হেলমেট-প্যাডে রণ সজ্জায় ব্যাট হাতে মাঠে নামছে টিম ইন্ডিয়া।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলা ওয়াশের সম্ভাবনার ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়।
গুরুত্বহীণ হলেও তৃতীয় ম্যাচটিও জিততে চায় টাইগাররা। আর ওয়ানডে সিরিজে ব্যর্থতায় বিব্রত টিম-ইন্ডিয়ার শেষ লক্ষ্য, জয় দিয়ে সফর শেষ করা। লেগ স্পিনার জুবায়ের হোসেনকে তৃতীয় ওয়ান ডে’র জন্য বাংলাদেশ দলে নেয়া হয়েছে।
তবে আবহাওয়ার পূর্বাভাস অবশ্য বলছে, বৃষ্টি বাগড়া দিতে পারে নিরবচ্ছিন্ন আয়োজনে।
ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে সব চেয়ে বেশি উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়া মুস্তাফিজের সামনে নতুন এক রেকর্ডের হাতছানি। ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচে অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিসের ১৩ উইকেট শিকারের রেকর্ড ভাঙতে শেষ ম্যাচে মুস্তাফিজের চাই আর মাত্র তিন উইকেট।







