দিনাজপুরে একটি অটো রাইসমিলে ধানের বস্তা চাপায় ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে দিনাজপুর শহরের পুলহাটের বিসমিল্লাহ অটোরাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় তিনতলার সমান উঁচুু ডায়ারে ধান লোড দেওয়ার সময় অকস্মাত্ নিচে পড়ে যান। তইমুজ আলী ও আবদুস সালাম। এ সময় মাথায় থাকা বস্তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তারা। দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।
দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগে তাদের মৃত্যু হয়েছে। কোতোয়ালি থানার এসআই আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।








