ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদালের বিপক্ষে নাটকীয়ভাবে হেরে মেজাজ হারিয়েছেন নিক কিরগিওস। প্রথম দুই সেটে ১-১এ সমতার পর শেষ সেটে হেরে র্যাকেট ছুঁড়ে মারেন অস্ট্রেলিয়ান তারকা। যেটি যেয়ে বল বয়কে আঘাত করে, পরে অবশ্য ক্ষমা চেয়েছে তিনি।
সেমিতে ওঠার লড়াইয়ে গত অস্ট্রেলিয়ান ওপেনে গ্র্যান্ড স্লামজয়ী ৩৫ বর্ষী নাদালের বিপক্ষে তিন ঘণ্টা লড়ে ৭-৬, ৬-৭ ও ৬-৪ সেটে হেরেছেন ২৬ বর্ষী অজি।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নাদালকে টক্কর দিতে একটি র্যাকেট ভেঙেছেন কিরগিওস। একসময় মেজাজ হারান। র্যাকেট ছুঁড়ে মারেন। পরে সেই বল বয়কে খুঁজে বের করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন, সঙ্গে ক্ষমা চেয়েছেন। টুর্নামেন্টে খেলা একটি র্যাকেটও উপহার দেয়ার কথা জানায় কিরগিওস।
‘র্যাকেটের ঘটনার জন্য দুঃখিত! এটি সম্পূর্ণ দুর্ঘটনা, আপনি ঠিক আছেন? আপনাকে একটি র্যাকেট পাঠাতে পারি, যদি আপনি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ক্ষমা করেন।’
শেষ খবর, সেই পোস্টে ক্ষমাপ্রার্থনা গ্রহণ করে র্যাকেট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন বল বয়।
হারের পর কথা বলেছেন কিরগিওস, ‘বল বয়কে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। কেবল র্যাকেট ছুঁড়ে মেরেছিলাম। র্যাকেটটি তার কাছাকাছি কোথাও পড়েনি। দুর্ভাগ্যবশত বাউন্স করে সেটি তাকে আঘাত করে। আমি এক মিলিয়নবার এমন র্যাকেট ছুঁড়লেও হয়ত এভাবে বাউন্স করে কাউকে আঘাত করবে না। এটি কেবলই একটি দুর্ঘটনা।’
গত সপ্তাহে আলেক্সান্ডার জভেরেভও এমন কাণ্ড ঘটিয়েছেন। আম্পায়ারের চেয়ারকে লক্ষ্য করে র্যাকেট ছুঁড়ে মারার পর গালাগালি করেন। পরে ক্ষমা চেয়েছেন ২৪ বর্ষী জার্মানও।
ঘটনা টেনে নাদাল ম্যাচ শেষে বলেছেন, ‘যেহেতু এরকম পরিস্থিতি প্রায়ই ঘটছে, এটিপির বিষয়গুলো পর্যালোচনা করা উচিত এবং সিদ্ধান্ত নেয়া উচিত। আজকের ঠিক কী ঘটেছে তা আমি দেখিনি, তাই এ ব্যাপারে কোনো মতামত দিতে পারছি না। আশা করি খুব খারাপ কিছু ঘটেনি। কারণ আমি আগামীতে কিরগিওসকে সেরা হিসেবে দেখতে চাই।’








