আবারও অ্যানফিল্ডে ফিরছেন ব্রেন্ডন রজার্স। সেই রজার্স যাকে ব্যর্থতার দায়ে বরখাস্ত করেছিল লিভারপুল। অলরেডদের সাবেক এই কোচ ফিরছেন ঠিকই, তবে লেস্টার সিটির কোচ হয়ে। সাবেক এই কোচের জন্য নিজ সমর্থকদের কাছে উষ্ণ অভ্যর্থনাই দাবী করেছেন ক্লাবের বর্তমান কোচ ইয়ুর্গেন ক্লপ।
চার মৌসুম কোচিং করানোর পর ২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের কোচের পদ থেকে সরিয়ে দেয়া হয় রজার্সকে। এরপর স্কটিশ ক্লাব সেল্টিকে দারুণ তিন মৌসুম কাটানোর পর লেস্টারের কোচ হয়ে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছেন আইরিশ ভদ্রলোক।
রজার্সের অধীনে আবারও যেন পুরনো রূপে ফেরা শুরু করেছে ২০১৬ সালে রূপকথা লিখে শিরোপা জেতা লেস্টার। টটেনহ্যাম, চেলসি, আর্সেনালদের মতো জায়ান্টদের পেছনে ফেলে উঠে এসেছে পয়েন্ট টেবিলের তিনে। রজার্সের তত্ত্বাবধানে রক্ষণও বেশ শক্তিশালী হয়েছে ‘দ্য ফক্স’দের।
রক্ষণ শক্তিশালী হওয়ায় মার্সিসাইড ডার্বিতে সালাহ-সাদিও মানেদের জন্য লেস্টারের প্রতিরক্ষা ভাঙা কঠিন হবে বলেই মনে করেন ক্লপ। পাশাপাশি রজার্সের কৌশলেরও বেশ প্রশংসা করেছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই কোচ, ‘আমি ওর কাজের ভীষণ ভক্ত। সবাই জানে সেল্টিকে রজার্স দারুণ সফল। লেস্টার দলটাকে নতুনভাবে তৈরি করছে। আমি তো বলব, ইপিএলে প্রথম ছয়টি দলের মধ্যে বিশেষ কোনো ফারাক নেই।’
‘ওরা যথেষ্ট ভালো দল। সেটা না হলে লিগ টেবিলে তিননম্বরে থাকতে পারত না। আলাদা করে বলব ওদের অসাধারণ রক্ষণের কথা। মো (সালাহ), মানেদের কাজটা তাই মোটেও সহজ হবে না।’
দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচের আশ্বাস দিয়েছেন ক্লপ। পাশাপাশি তার দল ও সমর্থকদের পক্ষ থেকে বিরূপ কোনো প্রতিক্রিয়া পাবেন না রজার্স, এমন ভরসাও দিয়েছেন অলরেডদের জার্মান কোচ।
‘আমার দল আর সমর্থকদের পক্ষ অভ্যর্থনাটা ভালোই হবে। তবে মাঠে আমাদের কাছ থেকে কোনো বন্ধুত্বপূর্ণ আচরণ না করাই ভালো, যেহেতু এটা প্রতিযোগিতামূলক ম্যাচ।’
ইংলিশ প্রিমিয়ার লিগে এই মুহূর্তে ৭ ম্যাচে ২১ পয়েন্টে টেবিলের শীর্ষে লিভারপুল। সমানসংখ্যক ম্যাচে ১৬ ও ১৪ পয়েন্ট নিয়ে দুই-তিনে অবস্থান ম্যানসিটি এবং লেস্টারের। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে লিভারপুল-লেস্টার।







