বন্যা পরিস্থিতি দেখার পাশাপাশি দুর্গতদের মাঝে ত্রাণ পৌঁছে দিতে উত্তরাঞ্চলের যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বন্যা কবলিত জেলা দিনাজপুর ও কুড়িগ্রাম পরিদর্শনে যাচ্ছেন।
আগামীকাল শুক্রবার উত্তরাঞ্চলের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাতে জানা গেছে: প্রধানমন্ত্রী প্রথমে দিনাজপুরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন এবং দিনাজপুর জিলা স্কুল আশ্রয় কেন্দ্রে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
এরপর তিনি কুড়িগ্রাম জেলা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন এবং পাঙ্গা হাই স্কুল মাঠে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী ওই দিন বিকেলে ঢাকায় ফিরবেন।
আর আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে: শুক্রবার উত্তরাঞ্চলের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ এমপি ও জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি ও খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীসহ স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।








