বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১২জন আহত হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বিরগ্রাম এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়। এই ঘটনায় আহত হয় ৭ জন।
পুলিশ জানিয়েছে, রাজশাহী থেকে ছেড়ে আসা বগুড়াগামী এস এফ পরিবহনের একটি বাসের সাথে বিহিগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা নাটোরগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
প্রায় একই সময়ে নাটোর-বগুড়া সড়কের বাবুর পুকুর গণকবর এলাকায় আরেকটি ঘটনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আরও ৫ জন আহত হয়।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, বিরগ্রামের দুর্ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। আহতদের জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।








