ফ্রান্সের ত্রিবেজ শহরের একটি সুপারমার্কেটে বন্দুকধারীর হামলায় ২ ব্যক্তি নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।
ওই বন্দুকধারী বেশ কয়েকজনকে জিম্মি করলেও একজন বাদে বাকীদের মুক্ত করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
একজন প্রসিকিউটরের বরাতে বিবিসি জানায়, ওই বন্দুকধারী নিজেকে আইএস-এর সদস্য বলে দাবি করছে। বিপুল সংখ্যক পুলিশ সদস্য সুপারমার্কেটটি ঘিরে রেখেছে।
ত্রিবেজের মেয়র এলসিআই টিভিকে জানিয়েছেন, ওই বন্দুকধারী ‘আল্লাহু আকবর’ এবং ‘আমি সবাইকে হত্যা করবো’ বলে চিৎকার করতে করতে মার্কেটে প্রবেশ করে।
তিনি বলেন, এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন, তবে তার অবস্থা জানা যায়নি। হামলাকারী বর্তমানে জিম্মি হওয়া এক পুলিশ কর্মকর্তার সঙ্গে রয়েছে।
ফ্রান্সের প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের কাছে যেসব তথ্য আছে তাতে মনে হচ্ছে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড।
২০১৫ সাল থেকে ফ্রান্সে কেমকিছু সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ওই বছরের ১৩ নভেম্বর আইএস জঙ্গিদের হামলার ১৩০ জন নিহত হওয়ার পাশাপাশি সাড়ে ৩শ জনের মতো লোক আহত হয়।







