নবনির্বাচিত ফরাসি প্রেসিডেন্ট এম্যানুয়েল মাক্রোঁ প্রধানমন্ত্রী হিসেবে মধ্য ডানপন্থি এদুয়ার্দ ফিলিপকে বেছে নিয়েছেন। মাক্রোঁর গঠিত দল দল লা রিপাবলিক এন মার্শের সদস্য নন ফিলিপ, তিনি মধ্য ডানপন্থি রিপাবলিকান দলের।
এই মধ্যপন্থিকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয়ার মাধ্যমে ম্যাক্রোঁ ডান ও বাম উভয়পন্থার গুরুত্বপুর্ণ ব্যক্তিদের প্রশাসনে নিয়ে আসার ইঙ্গিত দিলেন। প্রধানমন্ত্রীর পদে কে আসছেন সেটা নিয়ে দিনভর বেশ জল্পনা-কল্পনা চলেছে।
তবে সবার মধ্যে এগিয়ে ছিলেন লি হাভরে শহরের মেয়র এদুয়ার্দ ফিলিপ। তিনি রিপাবলিকান দল থেকে মনোনয়নে রানার আপ আলাইন ইয়ুপ্পের ঘনিষ্ঠ সহচর ছিলেন।
প্রেসিডেন্ট মাক্রোঁ আগামী মাসের সংসদীয় নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাচ্ছেন। নিজের অর্থনৈতিক পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে তার মধ্য ডানপন্থিদের সমর্থন প্রয়োজন।
তার নতুন দল লা রিপাবলিক এন মার্শে গত সপ্তাহে জুনের সংসদীয় নির্বাচনে ৪২৮ মনোনীত সদস্যের নাম ঘোষণা করেছে যাদের অর্ধেকের বেশি নারী। এদের মধ্যে মাত্র ৫ শতাংশ বর্তমান সংসদের সদস্য ছিলেন এবং এদের সবাই বামপন্থি সোশ্যালিস্ট দলের সদস্য ছিলেন।








