সাফ ফুটবলে সেমিতে উঠতে না পারলেও র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছিল বাংলাদেশ। এরপর বঙ্গবন্ধু গোল্ড কাপে সেমিফাইনাল ওঠায় র্যাঙ্কিংয়ে উন্নতি হওয়াই ছিল স্বাভাবিক। কিন্তু হলো ঠিক তার উল্টো। একধাপ পিছিয়েছে জেমি ডের দল। আর ফ্রান্সকে পেছনে ঠেলে একক ভাবে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছে বেলজিয়াম।
গত মাসে ফ্রান্সের সঙ্গে যৌথভাবে শীর্ষে থাকলেও অক্টোবরে সবশেষ র্যাঙ্কিংয়ে এককভাবে উপরে উঠে গেছে বেলজিয়াম। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স নেমে গেছে দুই নম্বরে। তিনে যথারীতি ব্রাজিল। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা একধাপ পিছিয়ে আছে বারোতে।
বিশ্বকাপের আরেক ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার অবস্থান চারে। পাঁচে অবস্থান ইংল্যান্ডের।
১৯৩তম স্থান থেকে পিছিয়ে গুয়ামের সঙ্গে যৌথভাবে ১৯৪তম স্থানে আছে বাংলাদেশ। সাফ অঞ্চল থেকে শীর্ষে যথারীতি ভারত। তাদের র্যাঙ্কিং ৯৭।








