কোপা আমেরিকার সেমিফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে ৬-১ গোল জিতে ফাইনালে উঠে আর্জেন্টিনা। ম্যাচে সতীর্থদের দিয়ে তিনটি গোল করালেও গোলশূন্য থাকেন অধিনায়ক লিওনেল মেসি। তবে সেমিতে গোল না পেলেও ফাইনালের জন্য গোল জমা আছে বলে বলছেন ‘এমএল টেন’।
পুরো টুর্নামেন্টে একটি গোল করেছেন মেসি। তবে গোল খরাটা ফাইনালেই কাটতে পারে বলে জানান স্বয়ং মেসি। তিনি বলেন, ‘গোল না আসা নিয়ে আমি চিন্তিত নই। আশা করছি, সৃষ্টিকর্তা আমার এবং আমার সতীর্থদের জন্য কিছু গোল বাঁচিয়ে রেখেছেন। যেটা ফাইনালে আসতে পারে।’
পরে আরেকটু যোগ করে বার্সা সুপারস্টার বলেন, ‘আমরা প্রথম লক্ষ্য পেরিয়েছি ফাইনালে উঠে। এবার চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ এসেছে।’
শনিবার ১৫ তম কোপা আমেরিকা শিরোপা মিশনে মেসিরা মাঠে নামবে এবারের আসরের স্বাগতিক চিলির বিপক্ষে।







