ফরিদাবাদ হাইস্কুলকে ৮২ রানে হারিয়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ঢাকা মেট্রো পর্বের ফাইনাল নিশ্চিত করেছে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ।
বৈরী আবহাওয়ার কারণে রোববার দ্বিতীয় সেমিফাইনাল নামিয়ে আনা হয় ২২ ওভারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল মাঠে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ।
ইনিংস সেরা ৪২ রান করে জোবায়ের মোহাম্মদ হাসান। ৪ বাউন্ডারি আর ৪ ছক্কায় সাজানো ছিল জোবায়েরের ইনিংস। ৮ বলে ২ ছক্কায় ১৮ রান আসে শাহরিয়ারের থেকে।
ফরিদাবাদ হাইস্কুলের পক্ষে মাহাদি ইসলাম ৩২ রানে ৫ উইকেট নিয়ে সেরা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.১ ওভারে ৯৪ রান তুলতেই সবকটি উইকেট হারায় ফরিদাবাদ হাইস্কুল। সর্বোচ্চ ৪৪ রান মোহাইমিনুলের। ইফাজ নজরুলের শিকার ১১ রান খরচায় ৪ উইকেট।
গত বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে রায়েরবাজার হাইস্কুলকে ৯৯ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ।
বুধবার ঢাকা মেট্রো পর্বের ফাইনালে মুখোমুখি হবে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ আর গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ। ৭ বিভাগীয় চ্যাম্পিয়ন ও ঢাকা মেট্রো চ্যাম্পিয়নের অংশগ্রহণে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ।







