মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে রোববার মধ্যরাতে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এনে কনডেম সেলে রাখা হয়েছে। রায়ের পূর্ণাঙ্গ কপি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর সরকারের নির্দেশে তার দণ্ড কার্যকর হবে।
এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রবাসী সাংবাদিক ও লেখক ফজলুল বারী। স্ট্যাটাসে তিনি লিখেছেন:
‘কাশিমপুর কারাগারকে গুডবাই জানিয়ে ঢাকা চলে এসেছে ফাঁসির দণ্ডপাপ্ত আসামী মতিউর রহমান নিজামী। একাত্তরের পাপমোচনে এভাবে এক পা এক পা করে সে এগিয়ে আসছে ফাঁসি কাষ্ঠের দিকে! কাশিমপুর কারাগারে তার অনেক স্মৃতি। সেখান থেকে সে আকাশ দেখতো আর অপেক্ষায় থাকতো, ইশ খালেদা জিয়া যদি আবার ক্ষমতায় ফিরে আসতো! তার আকাশকুসুম কল্পনা সব বরবাদ!
ফাঁসিতে মরার আগে সে একটা পরিতৃপ্তির ঢেঁকুর তুলতেই পারে! কারণ শেষ পর্যন্ত অন্তত পাকিস্তানিরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নাই! প্রভু পাকিস্তানিদের স্বার্থে একাত্তরে সে এখানে বুদ্ধিজীবীদের খুন করেছে। আর তার ফাঁসির খবরে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়! এর মাধ্যমে নিজামীর ফাঁসির প্রাক্কালে সবাই আবার জানল তার বিচার ঠিক আছে। আমরা ঠিক আছি।
এক সময় আমরা খুব অল্প কয়েকজন এসব খুনি নিজামীদের ফাঁসির দাবিতে লিখতাম। তখন আজকের অনেক মাতব্বরও আমাদের উপহাস করত, আর বোঝাতে চাইত এসব কোনোদিন হবেটবে না। আজ বিজয়ী আমাদের পক্ষে সেই নপংসুকদের করুণা করি।
শহীদ জননী জাহানারা ইমাম, কর্নেল কাজী নুরুজজামান, ড. আহমদ শরীফ, কবি সুফিয়া কামাল, বিচারপতি কে এম সোবহান, গাজীউল হক, তোয়াব খান, সিরাজুল ইসলাম চৌধুরী, কবীর চৌধুরী, শামসুর রাহমান, কাজী আরেফ, আবদুর রাজ্জাক, শাহরিয়ার কবির, মুনতাসীর মামুন, আহমেদ মুসা সহ যারা আমাদের সাহস যুগিয়েছেন, তাদেরকে কৃতজ্ঞতা। আজ এই বিচার-ফাঁসি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক দৃঢ়তায়। তার ঋণ কোনদিন শোধ হবার নয়। জয় বাংলা।’







