জাতীয় প্রেসক্লাবের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন শফিকুর রহমান। সাধারণ সম্পাদক করা হয়েছে কামরুল ইসলাম চৌধুরীকে।
বৃহস্পতিবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় ২০১৫-১৬ মেয়াদের জন্য কমিটি গঠিন করা হয়।
প্রেসক্লাবের সিনিয়র সদস্য এম শাহজাহান মিয়ার সভাপতিত্বে সাধারণ সভায় কমিটির নাম প্রস্তাব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু। প্রস্তাবটি সমর্থন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের বর্তমান সভাপতি আলতাফ মাহমুদ।
সভার সভাপতি ক্লাবের গঠনতন্ত্রের ১৪ (ক) অনুচ্ছেদের অনুযায়ী প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিতে গৃহীত হয়।
কমিটির অন্যরা হলেন; সিনিয়র সহসভাপতি: মনজুরুল আহসান বুলবুল, সহসভাপতি: আমীরুল ইসলাম কাগজী, যুগ্ম সম্পাদক: ইলিয়াস খান ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ: কার্তিক চ্যাটার্জি।
সদস্য পদে রয়েছেন: আমানুল্লাহ কবীর, খোন্দকার মনিরুল আলম, আজিজুল ইসলাম ভূঁইয়া, সাইফুল আলম, শ্যামল দত্ত, শামসুদ্দিন আহমেদ চারু, মোল্লা জালাল, সরদার ফরিদ আহমদ, হাসান আরেফীন ও শামসুল হক দুররানী।
দ্বি-বার্ষিক সাধারণ সভায় তিনটি প্রস্তাব সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়। যার মধ্যে আছে অতিরিক্ত সাধারণ সভার প্রস্তাব অনুযায়ী ক্লাব সদস্যসংখ্যা বর্তমান ১ হাজার থেকে বাড়িয়ে পনেরো শ’ করা, বিগত দিনের আর্থিক অস্বচ্ছতার ওপর তদন্ত করে শ্বেতপত্র প্রকাশ এবং প্রেসক্লাবের জাতীয় মর্যাদা অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন।
ক্লাবের সিনিয়র সদস্য ও ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী তিনটি প্রস্তাব সাধারণ সভায় পেশ করলে সদস্যরা তা অনুমোদন করেন।
শোক প্রস্তাব: সাধারণ সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হাসানুজ্জামান খান, এবিএম মূসা, আলহাজ জহিরুল হক, জগলুল আহমেদ চৌধুরী, মনোয়ার আহমদ, মীর মহিউদ্দিন সোহান, আজিজুল রহিম পিউ, সাইফুল ইসলাম তালুকদার এবং আবদুল মতিনের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক আমানুল্লাহ কবির, খন্দকার মনিরুল আলম ও স্বপন কুমার সাহা।
উপস্থিত ছিলেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার, দৈনিক দিনকালের সাবেক সম্পাদক কাজী সিরাজ, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বাসস-এর এমডি ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বিএফইউজের সেক্রেটারি জেনারেল আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, মৃণাল কৃষ্ণ রায়, জহুরুল আলম, গোলাম মহিউদ্দিন খান, কাজী রফিক, ফারুক কাজী, আবদুল হালিম চৌধুরী প্রমুখ।
‘বিগত’ কমিটির বক্তব্য: নতুন ব্যবস্থাপনা কমিটি ঘোষণার পর রাতে অাগের কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, তথাকথিত কমিটি জাতীয় প্রেসক্লাবের ঐক্য বিনষ্ট করবে।
বিবৃতিতে বলা হয়, ২৮ মে দ্বি-বার্ষিক সাধারণ সভার নামে তথাকথিত একটি সভা ক্লাবের গঠনতন্ত্রের সুস্পষ্ট লংঘন এবং ক্লাবের গণতান্ত্রিক ঐতিহ্য ও সংস্কৃতির পরিপন্থি। একই সঙ্গে তা জাতীয় গণতন্ত্র এবং প্রেস ক্লাবের স্বার্থ ও ঐক্য বিরোধী। এটা ক্লাবের অখণ্ডতা এবং সাংবাদিক সমাজের বৃহত্তর ঐক্য বিনষ্ট করবে।






