গত চারদিন ধরে মুম্বাই পুলিশ অভিনেত্রী প্রত্যুষার আত্মহত্যার রহস্য খুজঁতে দিন রাত এক করে ফেলেছিলো। সেই রহস্য অবশেষে উদঘাটন করতে সক্ষম হয়েছে তারা। মঙ্গলবার মিডিয়ার কাছে ‘বালিকা বধূ’ প্রত্যুষার আত্মহত্যার কারণ প্রকাশ করে মুম্বাই পুলিশ।
পুলিশ বলেছে, অভিনেত্রী প্রত্যুষাকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন তার প্রেমিক ও হবু বর রাহুল রাজ সিংহ। আর সেকারণেই আত্মহত্যার প্ররোচনার দেওয়ার অভিযোগে রাহুলের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।
শুধু প্ররোচনা নয়, রাহুলের বিরুদ্ধে ভীতিপ্রদর্শন ও ইচ্ছাকৃত আঘাত করার অভিযোগও আনা হয়েছে। এছাড়াও প্রত্যুষার ময়নাতদন্তে জানা গেছে, এ অভিনেত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং তাকে এক প্রকার শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
প্রত্যুষার বন্ধুরা বরাবরই দাবি করে আসছেন, রাহুলের অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক নিয়ে সন্দেহ দানা বেধেছিলো প্রত্যুষার মনে। আগামী ১৪ এপ্রিল তাদের বিয়ের কথা থাকলেও দু’জনের সম্পর্ক নিয়ে টানাপড়েন ছিলো। তাই নিজের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রত্যুষাকে মেরে ফেলা হয়েছে।
গত শুক্রবার মুম্বাইয়ের নিজ বাড়ি থেকে বাঙালি এ অভিনেত্রীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে মুম্বাই পুলিশ। চব্বিশ বছর বয়সী ‘আনন্দী’ চরিত্রে দর্শক জনপ্রিয়তা পাওয়া এ অভিনেত্রী আরো বেশ কিছু সিরিয়ালে কাজ করছিলেন।







