ফুটবল বিশ্বের দলবদলের রেকর্ড গড়েই পিএসজিতে এসেছেন নেইমার। ছেড়ে এসেছেন বার্সেলোনার মত ইউরোপজয়ী দল, মেসি-সুয়ারেজদের মত প্রিয় সতীর্থদের। ট্রান্সফারের রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোসহ নেইমারের পেছনে পাঁচ বছরে ৬০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে লিগ ওয়ান জায়ান্টদের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ওপর ক্লাবটির প্রত্যাশাটাও তাই থাকবে আকাশচুম্বী!
চ্যালেঞ্জটা নিচ্ছেন নেইমার নিজেও। শুক্রবার প্যারিসে সংবাদ মাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচিত হয়ে জানিয়েছেন নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তিনি। পিএসজিতে নেইমারের জন্য কী কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে? স্প্যানিশ ম্যাগাজিন মার্কা খুঁজে বের করতে চেষ্টা করেছে সেটি-
বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার হওয়ার চাপ
যাকে পেছনে ফেলে সবচেয়ে দামী ফুটবলারের তকমা পেয়েছেন নেইমার, সেই পল পগবা এখনও নিজের সেরাটা দেখাতে পারেননি ম্যানইউতে। ২০১৬-১৭ মৌসুমে ১০৫ মিলিয়ন ইউরোতে জুভেন্টাস থেকে রেড ডেভিলদের ডেরায় নাম লিখিয়ে নিজের ছায়া হয়ে আছেন ফরাসী তারকা। ফুটবল বোদ্ধাদের মতে দামী ফুটবলারের চাপটাই সিন্দাবাদের ভূত হয়ে চেপে আছে পগবার কাঁধে। এবার সেই চাপটা নেইমারের কাঁধে চাপবে নাতো?
প্রমাণ করতে হবে যোগ্য নেতার ভূমিকা
বার্সাতে মেসির ছায়া হয়ে থাকতে চান না। তাই বেছে নিয়েছেন পিএসজিকে। মুখে না বললেও নেইমারের দল পরিবর্তনে এই ইচ্ছাটিই বড় নিয়ামক হিসেবে কাজ করেছে। প্যারিসের ক্লাবটিতে পাচ্ছেন এক ঝাঁক ব্রাজিলিয়ান সতীর্থকে। আক্রমণে তাদের নেতা হয়েই পিএসজিকে সাফল্য এনে দিতে হবে। প্রমাণ করতে হবে ২৫ বছর বয়সেই যোগ্য নেতা হওয়ার রসদ আছে তার।
লিগ ওয়ানের শিরোপা কাউকে দেয়া চলবে না
পিএসজির টানা ছয় মৌসুমের আধিপত্য ভেঙে গত মৌসুমে লিগ ওয়ান শিরোপা নিজেদের ঘরে নিয়ে গেছে মোনাকো। নেইমারকে দলে টেনে পিএসজির আশা শিরোপা পুনরুদ্ধারের। পাশাপাশি ভবিষ্যতে অন্যকোন দল যাতে লিগ শিরোপায় হাত না রাখতে পারে সেটিও নিশ্চিত করতে হবে নেইমারকে।

চ্যাম্পিয়ন্স লিগ জয়
কেবলমাত্র লিগ শিরোপা জয়ের জন্য নেইমারকে আকাশচুম্বী খরচ করে দলে টানেনি লিগ ওয়ান জায়ান্টরা। দলকে এনে দিতে হবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও। ক্লাবের বিশ্বাস কেবল নেইমারই পারবেন সেই স্বপ্ন পূরণ করতে। ব্রাজিলিয়ান তারকাকেও ভালোমতো মাথায় রাখতে হবে বিষয়টি।
ব্যালন ডি’অর জিততে হবে নিজেকেও
ইউরোপিয়ান ফুটবলে পা রেখেই দেখতে হয়েছে মেসি কিংবা রোনালদোর হাতে ব্যালন ডি’অর শিরোপা। এবার সুযোগ এসেছে নিজে কিছু করে দেখানোর। সর্বকালের সেরা ব্রাজিলিয়ানদের একজন হতে হলেও ইউরোপের সেরা খেলোয়াড় তকমাটা পেতে হবে নেইমারকে। মেসির ছায়া থেকে বেরিয়ে নেইমারও নিশ্চয়ই স্বপ্ন দেখছেন ব্যালন ডি’অর হাতে তোলার।







