টাঙ্গাইলের গোপালপুরে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের পঞ্চাশ গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা ওই গ্রামের সেলিম মিয়ার মেয়ে সুখী (১০) ও ছেলে সোহাইল (৮)।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, সেলিম মিয়ার শিশু ছেলে ও মেয়ে কিছু না বলে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে পুকুরে শিশুদের খেলনা ভাসতে দেখা যায়। তার নিচেই ছিল দুই সহোদরের মরদেহ।
পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মাছ ধরার জাল দিয়ে ওই পুকুর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে।







