অভিবাসীবাহী একটি নৌকার আরোহীরা জাতিসংঘকে জানিয়েছে, উপকূল থেকে ফিরে যেতে তাদের অর্থ দিয়েছিলো অস্ট্রেলিয় নৌ-বাহিনী।
জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর মুখপাত্র জেমস লিঞ্চ বিবিসিকে জানান, আরোহীদের ভাষ্যমতে সরাসরি পাচারকারীদের হাতেই অর্থ তুলে দেয়া হয়।
লিঞ্চ জানান, গত ৩১ মে ৬৫ জন অভিবাসী বহনকারী নৌকাটিকে উদ্ধার করে ইন্দোনেশিয়ার নৌ-বাহিনী। এদের মধ্যে ৫৪ জন শ্রীলংকান, ১০ জন বাংলাদেশী এবং ১ জন মিয়ানমারের অধিবাসী রয়েছেন।
অস্ট্রেলিয়ার কাস্টমস ও পররাষ্ট্রমন্ত্রী দু’জনেই অভিযোগ অস্বীকার করেছেন। তবে শুক্রবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট অভিবাসীদের ফিরিয়ে দিতে অভিনব কিছু পন্থা অবলম্বনের কথা স্বীকার করেন। অবশ্য ওই সব পন্থার ধরন সম্পর্কে নির্দিষ্ট করে কিছুই জানাননি তিনি। জাতিসংঘের অভিযোগ, অস্ট্রেলিয়ার এ ধরনের কাজ পাচারকারীদের উৎসাহ দেবে। অর্থ প্রদানের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া।






