পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের ওয়াজিরিস্তানে বিমান হামলায় কমপক্ষে ২৫ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে দেশটির দুই গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, এ সপ্তাহে নিহত জঙ্গির সংখ্যা দাঁড়ালো ১শ’ ৩৩ জন।
গত মে মাস থেকে সামরিক বাহিনী পাকিস্তানের শাওয়াল উপত্যকার গভীর গিরিখাত এলাকায় অভিযান চালিয়ে আসছে। গিরিখাত বনাঞ্চলটিতে অসংখ্য জঙ্গি ঘাঁটি রয়েছে।
রোববার আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক মন্ত্রীসহ ১৯ জন নিহত হওয়ার পর থেকে শাওয়াল গিরিখাত এলাকায় একটানা গোলাগুলি চলছে বলে জানায় এলাকাবাসী।
ঘটনাস্থলে জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকার সামান্য কয়েকটি টেলিফোন সংযোগ এখনো চালু রয়েছে। ফলে সেনাবাহিনীর সদস্যদের হতাহতের সংখ্যা পাওয়া যাচ্ছে না।






