মানবতাবিরোধী অপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড নিয়ে পাকিস্তানের বক্তব্য অগ্রহণযোগ্য উল্লেখ করে, প্রতিবাদসহ কড়া ভাষায় জবাব দিয়ে চিঠি পাকিস্তানি হাইকমিশনার সুজা আলমের কাছে হস্তান্তর করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ সোমবার দুপুরে ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়।
চিঠিতে বাংলাদেশে পক্ষ থেকে বলা হয়েছে, জামায়াত নেতা নিজামীর মৃত্যুদণ্ডাদেশ নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে তা পুরোপুরি অগ্রহণযোগ্য।
পররাষ্ট্র মন্ত্রনালয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক সচিব মিজানুর রহমান বলেন, পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি। পাকিস্তানের বক্তব্য সমর্থনযোগ্য নয় বলে সাফ জানিয়ে দেয়া হয়েছে।
শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছিল, ‘বাংলাদেশের সুপ্রিম কোর্ট জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ডের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেওয়ায় বিষয়টি আমরা গভীর উদ্বেগ ও তীব্র মনঃকষ্টের মধ্য দিয়ে লক্ষ করছি। ১৯৭১ সালের ঘটনাবলি নিয়ে বাংলাদেশের বিতর্কিত বিচার-প্রক্রিয়া নিয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর প্রতিক্রিয়াও লক্ষ করে যাচ্ছি।’







