কক্সবাজারে এক পর্যটক নারী ধর্ষণের ঘটনায় মূল হোতা ও প্রধান আসামি আশিকুর রহমান আশিককে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাতে আশিককে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ. ন. ম. ইমরান খান।
তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন: কিছুক্ষণ আগে কক্সবাজারে পর্যটক নারী ধর্ষণের মূল অভিযুক্ত আশিকুর রহমান আশিককে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে জানানো হবে।
এর আগে শনিবার রাতে কক্সবাজারে এক পর্যটক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এজাহারভুক্ত ২ জনসহ ৩ জনকে গ্রেপ্তার করে ট্যুরিস্ট পুলিশ।
শুক্রবার ২৪ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজারের জৈষ্ঠ বিচারিক হাকিম হামীমুন তানজীনের আদালতে ধর্ষিতা নারী পর্যটককে হাজির করে জবানবন্দি গ্রহণ করা হয়।
২২ ডিসেম্বর সকালে ঢাকার যাত্রাবাড়ী থেকে স্বামী-সন্তানসহ কক্সবাজার বেড়াতে যান ওই নারী। শহরের হলিডে মোড়ের একটি হোটেলে ওঠেন তারা। সেখান থেকে বিকেলে যান সৈকতের লাবণী পয়েন্টে। সেখানে অপরিচিত এক তরুণের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগলে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে তার আট মাসের সন্তান ও স্বামীকে সিএনজি অটোরিকশায় করে কয়েকজন তুলে নিয়ে যায়।
ধর্ষণের শিকার ওই নারী জানান, ওই সময় আরেকটি সিএনজি অটোরিকশায় তাকে তুলে নেয় তিন তরুণ। পর্যটন গলফ মাঠের পেছনে একটি ঝুপড়ি চায়ের দোকানের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করে তারা। এরপর তাকে নেয়া হয় জিয়া গেস্ট ইন নামে একটি হোটেলে। সেখানে ইয়াবা সেবনের পর আরেক দফা তাকে ধর্ষণ করেন ওই তিন তরুণ। ঘটনা কাউকে জানালে সন্তান ও স্বামীকে হত্যা করা হবে জানিয়ে রুমের বাইরে থেকে দরজা বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।









