রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের দশম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতনের মামলায় ওই স্কুলের সাবেক শিক্ষক পরিমল জয়ধরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহউদ্দিন আহমেদ রায় দিয়েছেন।
রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামীপক্ষ। আদালতের আদেশের পর পরিমলকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের বসুন্ধরা শাখার দশম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে ২০১১ সালের ৫ জুলাই বাড্ডা থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা। অভিযোগে বলা হয়, ছাত্রীটিকে প্রলোভন দেভিয়ে ২০১১ সালের ২৮ মে যৌন নির্যাতন করেন স্কুলের শিক্ষক পরিমল জয়ধর। ছাত্রীর নগ্নদৃশ্য মোবাইল ফোনে ভিডিও করা হয়। পরে সেটি ফাঁস করে দেয়ার ভয় দেখিয়ে ১৭ জুন আবারো তাকে যৌন নির্যাতন করে পরিমল। মামলার দুইদিন পর তাকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ।
তদন্ত পর্যায়ে পরিমল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। পুলিশ আদালতে চার্জশিট দেয়ার পর বাদীর নারাজিতে আবার তদন্ত করে সম্পূরক চার্জশিট দেয় ডিবি। নির্যাতিত ছাত্রীসহ ২৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মামলার রায় দিয়েছেন আদালত।






