টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ তারা মিয়া ৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ উপজেলা সদরে ত্রিমোহন এলাকায় বংশাই নদীর উপর নির্মিত মো. একাব্বর হোসেন এমপি সেতুর কাছ থেকে তার লাশ উদ্ধার করেন।
তারা মিয়া পার্শ্ববর্তী বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের ভৈরপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। মৃত ব্যক্তির পুরুষ লিঙ্গ কর্তনসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
পুলিশ জানান, গত ৩০ অক্টোবর রাত ১২টার দিকে তারা মিয়া নিখোঁজ হন। মঙ্গলবার সকালে বংশাই নদীতে মৃত ব্যক্তির লাশ ভেসে যেতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ বংশাই নদীর ত্রিমোহন এলাকায় নির্মিত মো. একাব্বর হোসেন এমপি সেতুর কাছ থেকে তার লাশ উদ্ধার করেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল হোসেন বলেন, তারা মিয়ার লিঙ্গ কর্তনসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।








