মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানের মধ্যেই রিয়াল মাদ্রিদের কাছে শীর্ষস্থান হারালেন মেসি-নেইমাররা। রোববার রাতের ম্যাচে ভিয়ারিয়ালের মাঠে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-২ গোলে জয় পেয়েছে রিয়াল।
প্রথমার্ধে কোন দলই গোল পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৫০ মিনিটে বক্সের ভেতরে ম্যানুয়েল ট্রিগুয়েরোসের দুর্দান্ত কোনাকুনি শটে এগিয়ে যায় ভিয়ারিয়াল। ছয় মিনিট পরেই কেডরিক বাকাম্বুর গোলে ব্যবধান দ্বিগুণ করে ইয়েলো সাবমেরিনরা। ব্রুনোর অসাধারণ থ্রুতে বল ধরে ডি-বক্সে ঢুকে কেইলর নাভাসকে পরাস্ত করেন কঙ্গোর এই স্ট্রাইকার।
দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর বাঘের গর্জনে ভিয়ারিয়ালের ওপর ঝাঁপিয়ে পড়ে রিয়াল। ৬৪ মিনিটে কারভাহালের ক্রসে দুর্দান্ত হেডে একবার ব্যবধান কমান গ্যারেথ বেল। এর দশ মিনিট পর পেনাল্টি থেকে সমতা ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। পরে বদলি নামা স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা ৮৩ মিনিটে করেন জয়সূচক গোলটি।
এই জয়ের পর আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে বার্সাকে পেছনে ফেলেছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।







