কক্সবাজার থেকে: ১৪ ওভারে নেমে আসা ম্যাচে পাকিস্তানের শুরুটা হয়েছিল দুর্দান্ত। সফরকারীরা ৪৯ রান তুলে ফেলে ৬ ওভারে। ভয়ঙ্কর হয়ে ওঠা জাভেরিয়া খানকে ফিরিয়ে ব্রেক থ্রু আনেন দুই বছর পর টি-টুয়েন্টি খেলতে নামা লতা মন্ডল। এরপরই বদলাতে থাকে দৃশ্যপট। ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
বুধবার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে পরে পাকিস্তানকে তিন অঙ্কও ছুঁতে দেয়নি বাংলাদেশ। টস জিতে বাটিংয়ে পাঠিয়ে সালমা খাতুনের দল সফরকারীদের আটকে রেখেছে ৮৮ রানে। ইনিংসের শেষদিকে টাইগ্রেস ফিল্ডাররা দুটি ক্যাচ হাতছাড়া না করলে লক্ষ্য আরও কম হতে পারত।
আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ শুরু হয় সোয়া এক ঘণ্টা পর। কার্টেল ওভারের ম্যাচে শুরুতে আক্রমাণাত্মক মেজাজ দেখান পাকিস্তানি দুই ওপেনার জাভেরিয়া ও আয়শা জাফর। জাহানারা আলমের প্রথম ওভারে ৮ রান তোলার পরই কাটা পড়ে তাদের জুটি।
৫ বলে ৭ রান করে জাহানারার দুর্দান্ত থ্রো’তে রানআউট হন আয়শা। দ্বিতীয় উইকেট জুটি ৪১ রান যোগ করে চাপে রাখে টাইগ্রেস দলকে। ১৮ বলে ২৫ রান করা পাকিস্তান অধিনায়ক জাভেরিয়াকে কট অ্যান্ড বোল্ড করে সাজঘরে ফেরালে স্বস্তি ফেরে। শেষপর্যন্ত ৫ উইকেটে ৮৮ রান তোলে পাকিস্তানিরা।
বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন জাহানারা ও লতা।








