নর্থ কোরিয়ার সর্বশেষ রকেট ইঞ্জিন পরীক্ষা ক্ষেপণাস্ত্র সক্ষমতায় দেশটির ‘অর্থবহ অগ্রগতি’কেই তুলে ধরছে বলে শঙ্কা প্রকাশ করেছে সাউথ কোরিয়া। পরমাণু অস্ত্রধর নর্থ কোরিয়া তাদের বিতর্কিত অস্ত্র তৈরী কর্মসূচি জোড়ালো করেই চলেছে।
সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার সাংবাদিকদের বলেন, ‘উত্তর কোরিয়ার সর্বশেষ রকেট ইঞ্জিনের পরীক্ষা চালানোর ধরণ দেখে মনে হচ্ছে এক্ষেত্রে তারা অনেক এগিয়ে গেছে।’
নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রোববার জানায়, দেশটির নেতা কিম জং-উন শক্তিশালী নতুন রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা পর্যবেক্ষণ করেন। কিম জং-উন বলেন, আজ যে সফলতা আমরা অর্জন করলাম, তার প্রভাব ও কার্যকারিতা খুব শীঘ্রই সবাই দেখতে পাবে।
এই পরীক্ষার মাধ্যমে রকেট ইঞ্জিনের জ্বালানি পুড়িয়ে উপরে উঠার ক্ষমতা, কাঠামোর সুরক্ষা ও নির্ভরতার বিষয়গুলো দেখা হয়। দেশটির উত্তর পিয়ংয়ং প্রদেশের সোহাই স্যাটেলাইট লঞ্চিং গ্রাউন্ডে এই পরীক্ষাটি চালানো হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দেখা করে বেইজিংয়ে অবস্থানকালেই এমন পরীক্ষা চালায় নর্থ কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট নর্থ কোরিয়ার এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন।
পিয়ংইয়ংয়ের একের পর এক পরমাণু অস্ত্র পরীক্ষার এটি ছিল সর্বশেষ পদক্ষেপ। উত্তর কোরিয়া এখন পর্যন্ত মোট পাঁচ বার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। এছাড়া, অসংখ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।
সাম্প্রতিককালে উত্তর কোরিয়া তাদের পূর্বাঞ্চলীয় কেন্দ্র থেকে চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এটিকে জাপানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার অনুশীলন হিসেবে অভিহিত করা হয়।








