জাতীয় দিবসে পঞ্চম এবং এখন পর্যন্ত সবচেয়ে বড় পারমাণবিক পরীক্ষা সফলভাবে চালানোর ঘোষণা দিয়েছে নর্থ কোরিয়া। ওই পরীক্ষার ফলেই ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে সাউথ কোরিয়া।
হিরোশিমায় বিস্ফোরিত পারমাণবিক বোমার সমকক্ষ বা তারচেয়েও বড় এবারের পরীক্ষাটি – এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রতিবেশী সাউথ কোরিয়া, চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই পারমাণবিক পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে।
জাতিসংঘ কর্তৃক ২০০৬ সালে নর্থ কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করার পর এটি পঞ্চম পরীক্ষা। এর ফলে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপসহ অন্যান্য পদক্ষেপ নিতে জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ।
মার্কিন প্রেসিডেন্ট ওবামা বিমান থেকে টেলিফোনে পৃথকভাবে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে আলোচনা করেছেন।








