নিরাপত্তা নিয়ে পূর্ণ আশ্বাস পাওয়ার পর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এ খবরে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।
নিরাপত্তার শঙ্কা উড়িয়ে দিয়ে বাংলাদেশে ইংল্যান্ডের সফরকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা।
১৯৭৯ ও ১৯৮২ সালে বাংলাদেশকে আইসিসি ট্রফিতে নেতৃত্ব দেওয়া হীরা চ্যানেল আই অনলাইনকে বলেন, আমাদের দেশের নিরাপত্তা ভিভিআইপি নিরাপত্তা, বিশ্বের অনেক দেশের চাইতেও আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো। ইংল্যান্ডের নিরাপত্তা বিশ্লেষকরা সব কিছু বুঝে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন, এজন্য তাদের ধন্যবাদ।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা আরও বলেন, সন্ত্রাসী হামলা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বেই হচ্ছে, তাই বলে কোনো দেশই থেমে থাকে না, সেই দেশের খেলাধুলা থেমে থাকে না। ফ্রান্সের প্যারিসে রক্তাক্ত বোমা হামলার পরও সেখানে ইউরো কাপ হয়েছে।
বাঙ্গালী জাতি ক্রিকেট পাগল জাতি। ইংল্যান্ড সফর নিয়ে নিরাপত্তা ব্যবস্থার সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় দলের এক সময়ের দক্ষ উইকেটরক্ষক ব্যাটসম্যান শফিকুল হক হীরা।
এদিকে ইংল্যান্ডের ঠিক সময়ে সফরের নিশ্চয়তা পেয়ে প্রথম টেস্ট ও ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর যেমন আনন্দ হয়েছিল ঠিক তেমন অনুভূতি হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি বিজয়ী অধিনায়ক ও বর্তমান বিসিবির পরিচালক আকরাম খান।







