নিজ দেশের রং ধারণ করা জীবনের স্বপ্ন ছিল বলে জানিয়েছেন স্পেনের সদ্যবিদায়ী মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। জাতীয় দল ছাড়ার পর আবেগঘন এক চিঠিতে ইনিয়েস্তা একথা লিখেছেন। চিঠিটি লিখেছেন তার জাতীয় দল, ক্লাব সতীর্থ ও সমর্থকদের উদ্দেশ্যে।
রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় বলে দিয়েছেন স্প্যানিশ কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা।
চিঠিতে ৩৪ বয়সী ইনিয়েস্তা লিখেছেন, ‘১৪ বছর আগে আমি জাতীয় দলের এই জার্সি গায়ে চড়িয়েছিলাম, তখন আমি ১৫ বছর বয়সী ছিলাম। সেই দিনটি আমি কোনোদিন ভুলবো না।’
‘এটা আমার জীবনের একটা স্বপ্ন ছিল, আমার দেশের রংকে ধারণ করা। এটা আসলেই বিশেষ কিছু। এটা শুধু স্বপ্নপূরণ নয়, এটা অনেক বড় একটা দায়িত্ব। এত বছরে আমি সবসময় সচেতন থেকেছি আমার সেরাটা দেশের হয়ে দিতে।’

‘আমি সেইসব ভাগ্যবানদের একজন, যারা স্প্যানিশ ফুটবলের জন্য কিছু করতে পেরেছি। তরুণ সময়ে আমাদের অনেক স্বপ্ন ছিল দল নিয়ে, আবার স্বপ্নের চাইতে বেশিকিছুও পেয়েছি। অনেক কঠিন সময় পার করতে হয়েছে।’
‘সবাইকে ধন্যবাদ যারা আমাকে একজন ভালো সতীর্থ ও ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছেন। এটা আমার জন্যে গর্বের যে, আমি এতটা বছর সবার সঙ্গে থাকতে পেরেছি।’

‘এখনই আসলে অবসরের পদক্ষেপ নেয়ার সঠিক সময়। আমি গেল কয়েকমাস থেকেই এটা নিয়ে ভাবছিলাম। দেশের ভবিষ্যতের জন্য দারুণ একটি দল গড়ে উঠছে, আমি সেটাই দেখেছি।’
‘আশা করি ভক্তরা আগের মতোই আমাকে ও দলকে ভালোবাসবে। যারা আমার সঙ্গে ছিলেন, দলের সদস্য, কোচ, কর্মকর্তা সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।’

স্পেনের জার্সি গায়ে ১৩১ ম্যাচে ১৩টি গোল করেছেন ইনিয়েস্তা। ২০১০ সালে বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে নেদার্যলান্ডসের বিপক্ষে করা ইনিয়েস্তার গোলেই প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন।
স্পেনের হয়ে ২০০৮ ও ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নও হওয়ার সুখস্মৃতি আছে ইনিয়েস্তার।








