হার দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করে টেনেটুনে শেষ আটে পৌঁছেছে আর্জেন্টিনা। নীল-সাদা ব্রিগেডের এই অবস্থার প্রথম কারণ অবশ্যই লিওনেল মেসির ছন্দে না থাকা। এরমধ্যেই মেসিকে ঘিরে নতুন বিতর্ক। নিজের দেশের জাতীয় সংগীত গাইতে পারেন না মেসি। এমনই চাঞ্চল্যকর দাবি আর্জেন্টিনার সংবাদমাধ্যমে।
আর্জেন্টিনার ‘মাসকট’ টমাস চ্যাভেজকে উদ্ধৃত করে মেসির বিরুদ্ধে এই দাবি প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম মার্কা। কাতারের বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচে তারকা খেলোয়াড়দের ম্যাসকট হওয়ার সুযোগ হয়েছিল টমাসের। মেসির সঙ্গেই জাতীয় সংগীত গাওয়ার লাইনে দাঁড়িয়েছিল ওই কিশোর।
সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাতকারে মেসির সঙ্গের মুহূর্তের অভিজ্ঞতা জানায় টমাস। তখন ওই কিশোর জানায়, ‘মেসি জাতীয় সংগীত গান না। তিনি গুনগুন করেন।’
এই তথ্য প্রকাশ্যে আসার পরই হৈ-চৈ শুরু হয়েছে। এলএমটেনকে একহাত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে শুরু করেছেন অনেকে।
প্রিয় তারকার বিষয়ে টমাস আরও জানিয়েছে, ‘ও দুর্দান্ত। মেসিই আমার আদর্শ।’
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় কোপা আমেরিকায় রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ভেনেজুয়েলা। এই ম্যাচে জয় পেলেও সেমিতে দেখা হবে ব্রাজিল-আর্জেন্টিনার। শুক্রবার সকালেই পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে স্বাগতিক ব্রাজিল।







