বর্তমান অনির্বাচিত সরকারের জনগণের কাছে কোন জবাবদিহিতা নেই মন্তব্য করে আগামীতে এদেশে কোন একদলীয় নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারিী দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
মঙ্গলবার বিকালে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অততিথির বক্তব্যে তিনি এমন হুঁশিয়ারী দেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, এদেশের মানুষ বর্তমান সরকারের অধীনে আর থাকতে চায় না। মানুষ পরিবর্তন চায়। আমরা মানুষের জন্য নির্বাচন করবো এবং আন্দোলন করবো।
তিনি বলেন, যদি নির্বাচনকালীন একটি সহায়ক সরকার দেয়া না হয় তাহলে আমরা কঠোর আন্দোলন করবো এবং দাবি আদায় করবো। এরপর নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতায় গিয়ে ভিশন ২০৩০ বাস্তবায়ন করবো।
মওদুদ বলেন, বর্তমান সরকারের মতো আমরা একদলীয় আচরণ করবো না। আমরা সংসদে বিরোধী দলকে গুরুত্ব দিব। তাদের থেকে সংসদে গুরুত্বপূর্ণ পদ দিব এবং বিরোধী দলের কথা বলার অধিকার সংরক্ষণ করবো।
তিনি ভিশন ২০৩০ কে এদেশের সত্যিকার মুক্তির চার্টার বলে মন্তব্য করে বলেন, এই চার্টার মাইলফলক হবে। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে।
এসময় মওদুদ ভারত সফরে প্রধানমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ দাবি করে বলেন, যে পানি আমাদের জীবনকে টিকিয়ে রাখে সেই পানি সমস্যার সমাধান করতে পারেনি সরকার। এক বালতি পানিও আনতে পারেনি। এই পানি সমস্যার সমাধানের জন্য শক্তিশালী, সাহসী ও দেশপ্রেমিক সরকার দেশে প্রয়োজন বলে মন্তব্য করেন মওদুদ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল, জাতিসংঘের সাবেক পানি বিশেষজ্ঞ ইঞ্জি: ড. এস. আই খান প্রমুখ।







