ভারতের বিপক্ষে অসাধারণ জয়ের পরদিন টাইগার পেসার তাসকিন আহমেদ বলেছেন, সবার দোয়ায় ফিট থেকে খেলে যেতে পারলে সামনের দিনগুলোতে ক্রিকেটভক্তদের আরো অনেক দেয়ার আছে তাদের।
অগণিত ক্রিকেটভক্ত আর দেশবাসীর কাছে দোয়া চেয়ে জাতীয় দলের তরুণ এই পেসার বলেছেন, আগামী দিনগুলোতে টিম বাংলাদেশের তরুণ প্রজন্ম আরো ভালো কিছু দিতে মুখিয়ে আছে।
ক্রিকেটভক্তদের অসাধারণ জয় উপহার দেয়ার পরদিন হোটেলে বিশ্রামেই কাটিয়েছেন মাশরাফি, মুশফিক-তামিমরা। অভিষেকেই ৫ উইকেট নিয়ে ভারতের বিপক্ষে ৭৯ রানের জয় এনে দেওয়া মুস্তাফিজও ছিলেন বিশ্রামে।
নবাগত মুস্তাফিজুর রহমানের স্মরণীয় অভিষেকে দারুণ খুশি তাসকিন বলেছেন, আগামী দিনে নতুনদের আরো অনেক কিছু দেয়ার বাকি আছে। তবে সবকিছুর আগে ভারতের বিপক্ষে সামনের ম্যাচ নিয়েই সবার মনোযোগ বলে জানিয়েছেন তিনি।
তাসকিনসহ বাংলাদেশ দলের অনেক ক্রিকেটারই রমজানের প্রথম জুম্মার নামাজ আদায় করতে হোটেল থেকে কিছু সময়ের জন্য বের হয়েছিলেন।
কেউ কেউ হালকা জিম করেছেন। সুইমিংপুলেও ঝরঝরে হয়েছেন কয়েকজন।
তবে হোটেলের রেস্টুরেন্ট পর্যন্ত যাওয়া ছাড়া রুম থেকে বের হন নি টিম ইন্ডিয়ার কেউ।






