মেঘনা নদীর মিয়ার চর এলাকায় দুই লঞ্চের সংঘর্ষে শিশুসহ একই পরিবারের ৩ সদস্য নিহত হয়েছে। বরগুনা থেকে ঢাকাগামী সম্রাট-৩ লঞ্চকে রাঙাবালিগামী জাহিদ-৪ লঞ্চ পেছন থেকে ধাক্কা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তাসনিমা বেগম (৪৫), তার ছেলে হিরন (২২) ও মেয়ে জান্নাত (৭)। এ ঘটনায় তাসনিমার আরেক মেয়ে নাসরিন (১৪) গুরুতর আহত হয়।
তাদের বাড়ি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বাইন সমের্ত গ্রামে।
পুলিশ জানায়, শনিবার (৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে মিয়ার চর এলাকায় জাহিদ-৪ লঞ্চটি সম্রাট-৩ কে ধাক্কা দেয়। এতে সম্রাট লঞ্চের পিছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে তাসনিমা বেগম ও জান্নাত মারা যায়। পরে ঢাকা নেওয়ার পথে ছেলে হিরনও মারা যায়।







