দক্ষিণ চীন সাগরে চালকবিহীন একটি মার্কিন ডুবোযান বা ‘আন্ডারওয়াটার ড্রোন’ আটক করেছে চীন। সংশ্লিষ্টরা বলছেন, এই ঘটনায় ওই এলাকায় নতুন করে উত্তেজনা বাড়াবে।
ড্রোনটি ফিরিয়ে দেয়ার জন্য চীনের কাছে দাবি জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। এ বিষয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদও করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, ইউএসএনএস বোডিচ নামের একটি আমেরিকান সামুদ্রিক গবেষণা জাহাজের কাজের অংশ হিসেবে ওই ড্রোন ডুবোযানটি সেখানে মোতায়েন করা হয়েছিল।
পেন্টাগনের দাবি, ফিলিপিন্সের কাছে আন্তর্জাতিক জলসীমায় পানির লবণাক্ততা ও তাপমাত্রা সম্পর্কে তথ্য সংগ্রহ করছিল চালকবিহীন ডুবোযানটি। কাজ শেষে সেটিকে তুলে নেয়ার আগেই ‘ওশান গ্লাইডার’ নামের ড্রোনটিকে চীনের সেনারা একটি ছোট নৌকায় করে এসে ছিনিয়ে নিয়ে যায়।

তবে এখনো ড্রোন ফিরিয়ে দেয়ার ব্যাপারে বেইজিংয়ের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।
দক্ষিণ চীন সাগরকে নিজেদের এলাকা বলে দাবি করে আসছে চীন, যদিও তাতে আপত্তি রয়েছে প্রতিবেশী দেশ ভিয়েতনাম ও ফিলিপিন্সের। ওই সাগরে একটি কৃত্রিম দ্বীপ তৈরি করছে চীন, যা নিয়ে প্রতিবেশী দেশগুলোসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনা চলছে।
এলাকাটি আন্তর্জাতিক জলসীমার অংশ এবং কৃত্রিম দ্বীপটিতে সামরিক অস্ত্র মোতায়েন করা হচ্ছে বলে সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠান দাবি করেছে।








