ধানমন্ডিতে অলিয়স ফ্রঁসেজের গ্যালারিতে অচিন পাখি ভর করেছিল যেন। ‘খাঁচার ভেতর অচিন পাখি কমনে আসে যায়’ কিংবা ‘তিন পাগলের হল মেলা নইদে এসে/ তোরা কেউ যাসনে ও পাগলের কাছে।’ লালন সাঁই’র মরমীয়া বাণী আর সুর, লালন সাধক, যাকে ফ্রান্সের চার্জ দ্য অ্যাফেয়ার্স অভিহিত করেন লালনের রানি হিসেবে সেই ফরিদা পারভীনের কণ্ঠে ইন্দ্রজাল হয়ে ছড়িয়ে পড়ছিল উপস্থিত শ্রোতাদের মধ্যে। শ্রোতার তালিকায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। আর সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ফরাসি দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার জ্যঁ-পিয়ের পন্সেট ও অলিয়স ফ্রঁসেজ ঢাকার পরিচালক ব্রুনো প্লাসে।
প্রথম বাংলাদেশি হিসেবে ফ্রান্সের খ্যাতনামা অডিও লেবেল ‘ওকারা’র এর ব্যানারে রেডিও ফ্রান্স বের করেছে ফরিদা পারভীনের কণ্ঠে লালন সংগীতের অ্যালবাম ‘শ দো লালন শাহ’/ ‘লালন শাহ এর গান’। অ্যালবামের প্রকাশনা উৎসব ও শিল্পীর স্বকণ্ঠে গান পরিবেশনা অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেলে।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, আমরা খাঁচা আর তিনি অচিন পাখি। যিনি লালনের ভাববাদী দর্শনের আকাশ বাংলাদেশের গণ্ডি ছড়িয়ে বিশ্বজুড়ে বাড়িয়ে চলেছেন।’ তিনি আরও বলেন, ‘হিংসা উন্মত্ত পৃথিবী। মানুষকে হত্যা করা হচ্ছে পৃথিবী জুড়ে, বিতাড়িত করা হচ্ছে কেবল রোহিঙ্গা বলে। সাঁওতালদের ওপর হামলা হচ্ছে কিংবা ভিন্ন সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে। যা মানবিকতার মধ্যে পড়ে না। মানবতার সংকটের বর্তমান প্রেক্ষাপটে লালনের দর্শনকে লালন ও ধারন করা জরুরি। কারণ, লালনের দর্শনের অন্যতম উপাদান হল অসাম্প্রদায়িকতা ও মানবতা।’
ফ্রান্সের চার্জ দ্যা অ্যাফেয়ার জ্যঁ-পিয়ের পন্সেট তার বক্তব্যে বলেন, ‘তিনি লালনের গানের রানি। সুরের এবং কণ্ঠের এমন মোহ আর কোথাও পাইনি আমি।’ পরে চার্জ দ্যা অ্যাফেয়ার্স বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার চার লাইন পড়ে শোনান। 
আলিয়স ফ্রঁসেজ এর পরিচালক ব্রুণো প্লাসে জানান, নতুন বছরের ফেব্রুয়ারিতে ফ্রান্সের প্যারিসসহ তিনটি শহরে সংগীত পরিবেশন করবেন ফরিদা পারভীন।
চ্যানেল আই অনলাইনকে ফরিদা পারভীন বলেন, ‘ফকির ফাঁকরা বলে প্রথমে কত নিন্দি করেছি। আর এখন? ত্রিশ বছর ধরে সাঁইজির পথে,তবুও তৃষ্ণা ফুরায়না। শত চর্চাতেও মনে হয় সাঁইয়ের কালামের শেষ নেই। লালনের গান আমাকে লোভ লালসা থেকে দূরে সরিয়েছে।’
ছবি: ওবায়দুল হক তুহিন







