ফেরি করে টি-শার্ট বিক্রেতা রাসেল ভালোবাসে জবাকে। দু’জনের একই বস্তিতে বসবাস। জবার জীবনের একমাত্র স্বপ্ন সিনেমার নায়িকা হওয়া। রাসেলের স্বপ্ন হলো জবার স্বপ্ন পূরণ করা।
গল্পের শুরুটা এখানে, তবে শেষটা বড় বিস্ময়ের। রাসেল ও জবা মুখোমুখি হয় কঠিন বাস্তবতার।
এমনই এক গল্প নিয়ে নির্মিত হলো চ্যানেল আইয়ের ঈদের নাটক ‘স্বপ্নের নায়িকা’। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও পায়েল।
রাসেল আজমের রচনায় নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু।
‘স্বপ্নের নায়িকা’ নাটকটি চ্যানেল আইয়ে দেখানো হবে ঈদের ৫ম দিন রাত ৭টা ৪৫ মিনিটে।
সংশ্লিষ্টরা বলছেন, নাটকের গল্পটি বাস্তব ঘটনারই প্রতিচ্ছবি। মিডিয়ায় এমন ঘটনা প্রায় ঘটে। নায়িকা বানানোর কথা বলে প্রতারণার শিকার হন অনেকে। এই নাটকটির মাধ্যমে তেমনই একটি ঘটনা তুলে ধরা হয়েছে।
চ্যানেল আইয়ে প্রচারের পর ‘স্বপ্নের নায়িকা’ দেখা যাবে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।








