মোহামেডানের ছোঁড়া ১৩৬ রানের লক্ষ্যটা নেহাতই মামুলি ছিল। কিন্তু লিজেন্ড অব রূপগঞ্জের ব্যাটসম্যানদের জন্য এমন সহজ লক্ষ্যকেও পাহাড়সম বানিয়ে ছাড়লেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের ঘূর্ণি জাদুতে ৮৪ রানে অলআউট হয়ে সহজ ম্যাচটা ৫১ রানে হেরে বসেছে রূপগঞ্জ।
মঙ্গলবার বিকেএসপির-৩ নম্বর মাঠের বাইশ গজ যেন ব্যাটসম্যানদের বধ্যভূমি হয়ে উঠেছিল। দুই ইনিংসেই ব্যাটসম্যানদের ওপর ছড়ি ঘুরিয়েছেন বোলাররা। বিশেষ করে বাঁহাতি স্পিনাররা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে মোহামেডানকে ১৩৫ রানে বেধে রাখতে অগ্রণী ভূমিকা রেখেছেন আসিফ হাসান। ৫.৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৯ রানে ৪ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ২৪ রানের ইনিংসটি অধিনায়ক রকিবুল হাসানের।
আসিফকে দেখেই বোধহয় তাইজুল বুঝতে পেরেছিলেন এই পিচ বাঁহাতি বোলারদের জন্য স্বর্গ। পরে ঢেলে দিয়েছেন নিজের সেরাটাই। রূপগঞ্জের ব্যাটসম্যানদের রীতিমত নাকানি-চুবানি খাইয়ে ছেড়েছেন। ১০ ওভারে ১ মেডেনসহ ২৪ রানে ৬ উইকেট তার নামের পাশে। রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ২২ রানের ইনিংসটি মোশাররফ হোসেন রুবেলের।
রূপগঞ্জের বিপক্ষে স্বস্তির এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে মতিঝিলের দলটি। জাদুকরী বোলিংয়ে ম্যাচ সেরা হয়েছেন তাইজুল ইসলাম।







