নতুন তথ্য সচিব খাজা মিয়া দায়িত্ব গ্রহণ করে আজ (৩০ নভেম্বর) মন্ত্রণালয়ে যোগদান করেছেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাত ও তথ্য মন্ত্রণালয়ের সবার সঙ্গে এক পরিচিতি সভায় মিলিত হন তিনি। পূর্বের তথ্যসচিব কামরুন নাহার চাকুরির মেয়াদ পূর্ণ করে রোববার অবসরোত্তর ছুটিতে যান।
মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এসময় নতুন সচিবকে অভিনন্দন জানান।
দশম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য খাজা মিয়া এর আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে তথ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করে।
১৯৯১ সালে সিভিল সার্ভিসে যোগদান করে খাজা মিয়া প্রথমে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিস্টেট এবং বালাগঞ্জ ও বিশ্বনাথ থানায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর থেকে তিনি দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে সুনামের সঙ্গে কর্মরত ছিলেন।
সচিব খাজা মিয়া নড়াইল জেলার কালিয়া উপজেলার ফুলদাহ গ্রামে ১৯৬৫ সালের ৫ জুলাই জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে চাচুড়ী পুরুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৮২ সালে খুলনার সরকারি বিএল কলেজ থেকে এইচএসসি পাশ করে ১৯৮৬‘র নিয়মিত ব্যাচের ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ হতে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
তথ্যসচিব খাজা মিয়া সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে আমেরিকা, ইংল্যান্ড, চীন, জাপান, অস্ট্রেলিয়াসহ ইউরোপ ও এশিয়ার প্রায় ত্রিশটির মতো দেশ সফর করেছেন।







