মার্কিন পররাষ্ট্র দফতরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিশা দেশাই বিসওয়াল দুই দিনের সফরে আগামীকাল ঢাকা পৌঁছাবেন।
তার এবারের সফরে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় এবং শোলাকিয়ায় ঈদের জামাতের আগে জঙ্গি হামলার প্রেক্ষাপটে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের বিষয়টি প্রাধান্য পাবে ধারনা করা হচ্ছে।
এ মাসের শেষের দিকে তার ঢাকা আসার কথা থাকলেও উদ্ভুত পরিস্থিতিতে তার সফরটি এগিয়ে আনা হয়েছে। গত বছর মে’র পর এটি তার দ্বিতীয় ঢাকা সফর।
দু’দিনের সফরে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ছাড়াও সরকারের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে আলোচনা করবেন।
রাজধানীর কলাবাগানে বাসায় ইউএসএআইডির কর্মকর্তা জুলহাস মান্নান ও তাঁর এক বন্ধুকে কুপিয়ে হত্যার ঘটনার তদন্তের অগ্রগতিও ওঠে আসতে পারে নিশা দেশাইয়ের সফরে।
এদিকে উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের পাশে থাকবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
গত ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় দেশি-বিদেশি ২০ জন নিরীহ মানুষ নিহত হন। তাদের মধ্যে ১৭ জন ছিলেন বিদেশি। বিদেশিদের মধ্যে ৭ জন জাপান, ৯ জন ইতালি ও ১ জন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারায় ৫ হামলাকারী; আটক হয় একজন।







