নতুন বছরের শুরুতেই রাজধানী ঢাকায় বসতে চলেছে এশিয়ার গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব। যে উৎসবে দেখানো হবে বিশ্বের অসংখ্য নামিদামি নির্মাতার ছবি। আর এই উৎসবেই প্রদর্শিত হবে চলতি বছরের প্রশংসিত প্রামাণ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’।
কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজককে নিয়ে নির্মিত ‘রাজাধিরাজ রাজ্জাক’ পরিচালনা করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
১০ জানুয়ারি থেকে ঢাকায় বসছে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ১৭তম আসর। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। উৎসবকে সামনে রেখে সদ্য সিনেমার প্রদর্শনীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।
আর সেখানেই জানানো হয় আসন্ন ১৭তম চলচ্চিত্র উৎসবের ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে দেখানো হবে শাইখ সিরাজের ‘রাজাধিরাজ রাজ্জাক’। এছাড়াও এই বিভাগে দেখানো হবে আরো ৯টি বাংলাদেশি চলচ্চিত্র।
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে জ্বলজ্বলে একটি তারার নাম নায়করাজ রাজ্জাক! বাংলা চলচ্চিত্র যতদিন টিকে থাকবে, এই নামটিও কারো মুছে দেয়ার সাধ্যি নেই। তার জীবন ও ক্যারিয়ারের নানা গল্পে বুনন করা হয়েছে ‘রাজাধিরাজ রাজ্জাক’-এ।
নায়করাজের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল ২১ আগস্ট। সে উপলক্ষেই শাইখ সিরাজের নির্মাণে আলোচিত ‘রাজাধিরাজ রাজ্জাক’ প্রামাণ্যচিত্রটি প্রথমে চ্যানেল আইয়ের পর্দায় এব পরবর্তীতে সিনেপ্লেক্সে মুক্তি দেয়া হয়। যে প্রামাণ্যচিত্র মুক্তির পর প্রশংসা করেন প্রয়াত নায়করাজ রাজ্জাকের সমকালীন অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা, চিত্রসমালোচক, কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার এবং রাজ্জাকের পুরো পরিবার।








