বাহরাইন টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় বিশ্ব জুনিয়র টেনিস (অনূর্ধ্ব-১৪) বালক বিভাগে প্রতিযোগিতা চলছে। আসরের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ, হারিয়েছে নেপাল ও সৌদি আরবকে। আসরের সেরা চার দল চেকোশ্লোভাকিয়ায় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।
প্রতিযোগিতার প্রথম এককে বাংলাদেশের রাকিন রহমান ৬-৩, ৬-১ গেমে নেপালের সাঙ্গে রোকেয়াকে এবং দ্বিতীয় এককে কাব্য গায়েন ৬-৩, ৬-৩ গেমে নেপালের বিশ্ব বিশেসকে পরাজিত করেন। ২-০তে এগিয়ে থাকা বাংলাদেশ দল দ্বৈতে কাব্য ও আকাশ জুটি ৬-১, ৬-১ গেমে নেপালের বিশ্ব বিশেস ও রিজাল প্রার্থিকে হারান। ফলে বাংলাদেশ দল নেপালের বিরুদ্ধে ৩-০ ম্যাচে জয় পায়।
সৌদি আরবের হামজা আল মনসুরির বিপক্ষে বাংলাদেশের মো. আকাশ হোসেন প্রথম এককে ৫-৭, ০-৬ গেমে হারে। দ্বিতীয় এককে কাব্য গায়েন ৬-৭, ৬-২, ৩-৬ গেমে সৌদি আরবের সারৌজি আহমেদকে হারিয়ে ম্যাচে ১-১ সমতা আনেন। দ্বৈতের খেলায় বাংলাদেশের কাব্য গায়েন ও মো. আকাশ হোসেন ৬-৩, ৩-৬, ১০-৭ গেমে সৌদি আরবের সারৌজি আহমেদ ও সৌহিল আল ফারুকিকে হারিয়ে দেন। বাংলাদেশ দল ২-১এ ম্যাচ জিতে নেয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২১ দেশ থেকে চারটি দলকে চূড়ান্তভাবে বাছাই করা হবে। বাছাইকৃত দল আগামী আগস্টে ৪-৯ পর্যন্ত চেকোশ্লোভাকিয়ায় অনুষ্ঠিত হতে চলা ফাইনালে খেলার সুযোগ পাবে।








